নগর পরিচ্ছন্নতা কর্মসূচিতেও নির্বাচনী প্রচার

বরিশালে গতকাল বুধবার শুরু হয়েছে মাসব্যাপী নগর পরিচ্ছন্নতা কার্যক্রম। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নির্বাচনী প্রচারের আমেজ। প্রায় সব বক্তাই নৌর্কা মার্কার পক্ষে প্রচার চালিয়েছেন। ‘শহর রাখব পরিষ্কার, গড়ব পরিচ্ছন্ন বরিশাল’ শিরোনামে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনীকুমার হলের সামনে বিজয় মঞ্চ থেকে মাসব্যাপী নগর পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ।

আগামী দুই মাসের মধ্যে বরিশাল মহানগরের সব ড্রেন পরিষ্কার করার অঙ্গীকার নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে মেয়র সাদিক বলেন, ‘আমি বরিশালের মানুষের জন্য কাজ করতে চাই। সে জন্য নগরবাসীকে সহযোগী হয়ে পাশে থাকতে হবে। আগামী বর্ষা মৌসুমের আগে নগরের সব ড্রেন, খাল পরিচ্ছন্ন করা হবে। যাতে নগরে আর জলাবদ্ধতা সৃষ্টি না হয়।’