স্বাধীনতাবিরোধীরা হিন্দু সম্প্রদায়কে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনে ভোটদানে বিরত রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।
গতকাল বুধবার বিকেলে শহরের কলেজপাড়ার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
রমেশ চন্দ্র সেন বলেন, গত শুক্রবার (২০ ডিসেম্বর) সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া শাহপাড়া গ্রামের কৃষ্ণ ঘোষের বাড়িতে আগুন দেওয়া হয়। ২৩ ডিসেম্বর আখানগর ইউনিয়নের মধ্য ঝাড়গাঁও গ্রামের যাত্রু বর্মণের খড়ের ঘরে আগুন দেওয়া হয়। গড়েয়া ইউনিয়নের চ-িপুর গ্রামে আগুন দেওয়া হয় ও শুখানপুকুরী ইউনিয়নের চতুরভুজ মন্দিরের পাশে খড়ের গাদায় আগুন দেওয়া হয়। এসব ঘটনার কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও তাদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানান পরিষদের সভাপতি অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো।