পোলককে টপকে স্টেইনের রেকর্ড

দীর্ঘ অপেক্ষা। কত দিনের? ৪১ মাস। না, একটি উইকেটের জন্য এতদিন অপেক্ষা করেননি ডেল স্টেইন। ৪০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার পর দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ টেস্ট উইকেটের রেকর্ড গড়তে এই সময় লেগেছে তার। শন পোলককে ছাড়িয়ে যাওয়ার পথে এত সময় অপেক্ষা করেছেন ‘স্টেইন গান’; কেন? ইনজুরির কারণে।

২০১৫ সালের জুলাইতে ৪০০তম উইকেট নিয়েছিলেন মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। গতকাল সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে পাকিস্তান ওপেনার ফখর জামানকে আউট করে নিলেন ৪২২তম উইকেট। ২১ উইকেটের দূরত্ব পেরোতে কেটে গেছে ৪১ মাস। কয়েকটি টেস্ট খেলেছেন। কাঁধের ইনজুরিতে ভুগেছেন। গোড়ালিতেও চোট ছিল। সব পেছনে ফেলে সেঞ্চুরিয়নের অমর দৃশ্যকাব্যের কাছে পৌঁছতে বেশ একটু দেরিই হয়ে গেল স্টেইনের। কী দৃশ্য দেখেছে সেঞ্চুরিয়ন? পোলককে ছাড়িয়ে যাওয়ার পর কাগিসো রাবাদা কাঁধে তুলে নিলেন স্টেইনকে। কমেন্ট্রি বক্সে তখন স্বয়ং পোলক। সেদিকে তাকিয়ে হাত নাড়লেন স্টেইন। প্রত্যুত্তরে থামস আপ দিলেন দক্ষিণ আফ্রিকান পেস আক্রমণের সাবেক কিংবদন্তি।

স্টেইন এখন সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি বোলারদের তালিকায় ১১তম স্থানে। ২০০৪ সালে অভিষেকের পর এই পর্যায়ে পৌঁছতে খেলেছেন ৮৯ টেস্ট। কয়েক দিন আগেই ইচ্ছে প্রকাশ করেছেন শততম টেস্ট খেলার। যদি ইচ্ছে পূরণ হয় তাহলে আরো কিছু উইকেট যে তিনি পাবেন তা বলাই বাহুল্য। এই সম্ভাবনা আর প্রাপ্তির মাঝখানে দাঁড়ানো এ প্রোটিয়া কী ভাবছেন? জানা নেই। তবে যার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন সেই পোলক কী বলেছেন জেনে নেওয়া যাক, ‘ডেলকে আন্তরিক অভিনন্দন। বেশ লম্বা সময় ধরেই দক্ষিণ আফ্রিকার সেরা বোলার সে। অনেক দিক দিয়েই ঘরে-বাইরে তার পারফরম্যান্স অসাধারণ। এ ব্যাপারে আমার স্বীকৃতির প্রয়োজন নেই। স্টেইনের রেকর্ড এবং পরিসংখ্যানই তার প্রমাণ।’ সেঞ্চুরিয়নে পোলকের রেকর্ড ভাঙতে মাত্র ১৯ বল লেগেছে স্টেইনের। যখন ফখর জামানকে আউট করলেন তখনই স্ট্যান্ডিং ওভেশনের জন্য দাঁড়িয়ে গেল সেঞ্চুরিয়নের গ্যালারি। হতে পারে তখন পোর্ট এলিজাবেথের কথা মনে পড়ছিল স্টেইনের। ২০০৪ সালে যে মাঠে তার অভিষেক হয়েছিল; এই দৌড় শুরু করেছিলেন।