বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করতে ভয়ভীতি ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বুধবার এক বিবৃতিতে এই আহ্বান জানান।
তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় বাংলাদেশের সাধারণ নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট সবপক্ষকে ভোটের সময় এবং আগে-পরে সহিংসতা, ভয়ভীতি ও জোর-জবরদস্তিমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
এতে বলা হয়, নারী, সংখ্যালঘুসহ দেশের সকল নাগরিক নিরাপদে এবং আত্মবিশ্বাস নিয়ে যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। নাগরিক সমাজ এবং পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণে পুরোপুরি সহায়তা প্রদান করা উচিত।
শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন অব্যাহত থাকবে বলে বৈশ্বিক সংস্থাটির অবস্থান পুনর্ব্যক্ত করেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।