গণসংযোগ থেকে সরে দাঁড়ালেন ধানের শীষ প্রার্থী

কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জানমালের ক্ষয়-ক্ষতি এড়াতে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ ও প্রচার-প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়া হয়েছে।

বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কারাবন্দি মনিরুল হক চৌধুরীর পক্ষে এ ঘোষণা দেন তার মেয়ে ও প্রধান নির্বাচনী এজেন্ট ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

সদর দক্ষিণ উপজেলার নোয়াগ্রামস্থ বাসভবনে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, ‘গত দুই সপ্তাহে এ আসনের ৩টি উপজেলা এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ভৌতিক অভিযোগে প্রায় অর্ধশত মামলা দেয়া হয়েছে। বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’

এ সময়ে নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের বেতাগাঁও গ্রামের প্রায় ৫০টি বাড়িঘর ও গোয়ালঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়াসহ অনেক বাড়িঘরে লুটপাট চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরো অভিযোগ করেন, এ আসন এলাকার বিভিন্ন গ্রামে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকে এবং আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মী ও ভোটকেন্দ্রের এজেন্টসহ সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। এতে আতঙ্কে অনেক নেতাকর্মী এলাকাছাড়া হয়ে পড়েছে।

বাবা মনিরুল হক চৌধুরীর বরাত দিয়ে ড. সায়মা জানান, তার বাবার নির্দেশ অনুযায়ী দলের নেতাকর্মীদের জীবন রক্ষা ও বাড়িঘরসহ মালামালের ক্ষতির বিষয়টি চিন্তা করে আনুষ্ঠানিকভাবে গণসংযোগসহ নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে।