আসল ছেলেকে খুন, ছেলে সেজে বাবার কাছ থেকে টাকা আদায়!

ছেলে সেজে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে আসছিল ওই যুবক। পরে ছেলের সঙ্গে বাবা দেখা করতে চাইলে ঘটে বিপত্তি। ঘটনা ধামাচাপা দিতে হত্যা করা হয় আসল ছেলেকেই।

সোমবার ভারতের পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমান জেলার বাবুইডাঙ্গা গ্রাম থেকে ঘাতক জামাল শেখকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

পূর্বস্থলী থানার পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে জানায়, হত্যাকাণ্ডের শিকার ১৪ বছরের কিশোর আরশাদ শেখ কখনো তার বাবাকে দেখেনি। অনেক আগেই তার মায়ের সঙ্গে বাবার বিয়ে বিচ্ছেদ ঘটে। এরপর তিনি কেরালায় চলে যান। এদিকে আরশাদ তার নানাবাড়িতেই বড় হয়ে ওঠে এবং এখানেই থাকতো।

এ ঘটনার সুযোগ নিয়ে আরশাদের নানাবাড়ির প্রতিবেশী যুবক জামাল শেখ কেরালায় ওই ব্যক্তির যোগাযোগ করে। এর আগে সে কৌশলে তার ফোন নাম্বার জোগাড় করে। ফোনে নিজেকে তার ছেলে আরশাদ হিসেবে পরিচয় দেয় এবং টাকা নেয়।

পুলিশ জানায়, স্বাভাবিকভাবে ওই ব্যক্তি ছেলে মনে করে জামালকে টাকা পাঠায়। কিন্তু যখন তিনি ছেলেকে দেখতে পশ্চিমবঙ্গে আসতে ইচ্ছা প্রকাশ করেন, তখন ভয়ে আরশাদকে খুন করে জামাল।

গত ৩ ডিসেম্বর থেকে নিখোঁজ থাকা আরশাদের লাশ একটি মাঠ থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।