হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরে শেষ দিনের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের জাপা প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে তার প্রচারণায় দ্বিতীয় দফায় হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়।
এর আগে গত শুক্রবার বাঁশখালীর চাম্বল এলাকায় মাহমুদুল ইসলাম চৌধুরীর নির্বাচনী সমাবেশে হামলা করেছিল প্রতিপক্ষ। এরপর গণসংযোগ বন্ধ রাখেন জাপা প্রার্থী। পাঁচ দিন পর আজ সকাল দশটায় হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরেই শেষ দিনের প্রচারণায় নামেন মাহমুদুল ইসলাম চৌধুরী।
জাপা প্রার্থীর প্রেস সচিব জোবায়ের চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে দুপুর একটার দিকে মিয়ার বাজার এলাকায় পৌঁছালে একদল যুবক তার গাড়িবহরে ইট-পাটকেল নিয়ে হামলা চালায়। এতে ১০জন আহত হন। তিনি বলেন, বৃহস্পতিবারের গণসংযোগের বিষয়টি আগের দিনই পুলিশ প্রশাসনকে অবহিত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার অনুরোধ জানানো হয়েছিল। তারপরও এ ধরনের হামলার ঘটনার ঘটলো।
বাঁশখালী থানার ওসি কামাল হোসেনের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। দু’একটা ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।