চট্টগ্রামের দুই তৃতীয়াংশ কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের মোট ভোটকেন্দ্রের দুই-তৃতীয়াংশের বেশিই ‘ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব আসন ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম জেলা পুলিশের একাধিক কর্মকর্তা জানান, চট্টগ্রাম জেলার আসনগুলোতে মোট ১ হাজার ৮৯৯টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২৯ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছেÑ চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-৫ (হাটহাজারী), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া), চট্টগ্রাম-১০ (হালিশহর-খুলশী), চট্টগ্রাম-১২ (পটিয়া), চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া), চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে। ভোটের দিন এসব কেন্দ্রে সহিংসতা ও জালিয়াতির আশঙ্কা রয়েছে।

কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান দেশ রূপান্তরকে বলেন, ‘ভোটাররা নিজেদের নিরাপদ মনে করলে অবশ্যই ভোটকেন্দ্রে আসবে। ভোটারদের কাছে প্রশাসনের পক্ষ থেকে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে, আপনারা নির্বিঘেœ কেন্দ্রে আসতে পারবেন।’ তিনি আরো বলেন, ‘আমরা সভা করে কোনো বাহিনী কীভাবে কাজ করবে, কত সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।’

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জানান, ভোটকেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেখানে প্রথম থেকে শেষ পর্যায়ে যথাক্রমে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি মোতায়েন থাকবে। এর অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী কাজ করবে।