পাকিস্তানের ব্যাটিং লড়াই টিকলো এক সেশন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসের দারুণ শুরু করেছিল

পাকিস্তান। ১ উইকেটে ১০০ রান তুলে বড় সংগ্রহের সম্ভাবনা দেখায় তারা। কিন্তু দলটি পাকিস্তান। হুট করে পাল্টে যায় ম্যাচে তাদের অবস্থা। সেঞ্চুরিয়নেও তাই হলো। শেষ সেশনে দ্রুত ৭ উইকেট হারিয়ে হঠাৎ ছন্দপতন। ভালো শুরুর পর ব্যাটিং ব্যর্থতা। পরের ৯০ রানে বাকি ৯ উইকেট নেই

পাকিস্তানের। ১৯০ রানে অলআউট হয়ে স্বাগতিকদের সিরিজের প্রথম টেস্টে জয়ের পথ করে দিল তারা। সেঞ্চুরিয়ন টেস্ট জিততে মাত্র ১৪৮ রান চাই প্রোটিয়াদের। ম্যাচের তিন দিন হাতে নিয়ে দক্ষিণ আফ্রিকা হেসেখেলেই জয়ের ক্ষণ গুনছে।

পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন ডুয়ানে অলিভিয়ের। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলতে নামা এ পেসার পাকিস্তানকে পেয়ে জ্বলে উঠলেন। তাদের বিপক্ষেই নিলেন ম্যাচে প্রথম ১০ উইকেট। প্রথম ইনিংসে ৩৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন। পরে ৫৯ রানে ৫টি। এছাড়া কেগিসো রাবাদার ৩ ও ডেল স্টেইনের ২টি উইকেট নেন।

দ্বিতীয় দিন প্রোটিয়াদের সামনে উড়ে গেল পাকিস্তান মিডলঅর্ডার।  একা শান মাসুদ ছাড়া প্রতিরোধ গড়তে পারেননি কেউ। ৬৫ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন শান। এছাড়া অপর ওপেনার ইমামউল হক ৫৭ রান করেন। এ দুই ব্যাটসম্যান দিনের দ্বিতীয় সেশনে পাকিস্তানকে কিছুটা লড়াইয়ে রেখেছিলেন। তবে মিডলঅর্ডারদের ব্যর্থতায় সে লড়াই ভেস্তে যায়। এর আগে ৫ উইকেটে ১২৭ রানে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২২৩ রানে। মোহামেদ আমের ও শাহিন শাহ আফ্রিদি ৪ উইকেট করে নিয়ে স্বাগতিকদের বেশি এগোতে দেননি।