বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন, বিদেশে অবস্থানরত তারেক রহমানের অনুমতি নিয়ে বিএনপি নির্বাচনে এসেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল।
ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামির সঙ্গে জোট বিষয়ে সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের এ মুখপাত্র বলেন, আমাদের প্রায়ই জামায়াত বিষয়ে প্রশ্ন করা হয়, দেখুন বিএনপি কিন্তু জামায়াত নয়। বিএনপি ইসলামি নীতি অনুসরণ করে না, আমরা মৌলবাদী নই, জামায়াত নিয়ে আমাদের কোনো মোহ নেই।
তিনি বলেন, ক্ষমতায় এলে জামায়াতের বিষয়ে উদ্যোগ নেয়া হবে।
ক্ষমতায় গেলে জামায়াতকে সরকারে রাখার ‘কোনো সুযোগ নেই’ জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাদের সঙ্গে আমাদের কৌশলগত মিত্রতা। তাদের কারণে অন্তত ৫০ আসনে আমরা সুবিধা পাই, যেখানে আমাদের জিতে আসার সম্ভাবনা কম বা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
তিনি বলেন, আমরা ছাড়া তারা (জামায়াত) তিন আসন পাবে।
ভারত বিষয়ে বিএনপি নেতিবাচক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন। 'এটা আওয়ামী লীগের আরেক ধরনের প্রপাগান্ডা।' তিনি জানান, বিএনপি ভারতের ক্ষমতাসীন বিজেপি'র সঙ্গে বৈঠকের উদ্যোগ নিলেও তা হয়নি।
আওয়ামী লীগের 'নির্যাতন' বিষয়ে ভারত কিছু বলে না কেন তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন বিএনপির এ নেতা।
মির্জা ফখরুল বাংলাদেশের একাদশ সংসদের নির্বাচনী পরিবেশ 'ভয়াবহ' উল্লেখ করে বলেন, নির্বাচনী প্রচারের কোনো সুযোগ নেই। এখানে সন্ত্রাস চলছে, রাষ্ট্রীয় সন্ত্রাস।