ভোট কারচুপি প্রতিরোধের ডাক খালেকুজ্জামানের

কেন্দ্রে গিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে ‘সরকারের ভোট কারচুপি’ প্রতিরোধে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। শনিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সবার জন্য সমান সুযোগ তৈরিতে ব্যর্থ হয়েছে। সরকারি দল ও পুলিশ প্রশাসন বিরোধী প্রার্থীদের ওপর হামলা, প্রচারে বাধা, পোস্টার-লিফলেট ছিঁড়ে ফেলা ও লাগাতে বাধা দেওয়ার ঘটনায় কমিশনে অভিযোগ দেওয়ার পরও কমিশন ত্বরিত কোনো ব্যবস্থা নেয়নি।

খালেকুজ্জামান আরো বলেন, সরকারি দল ২০১৪ সালের মতো খালি মাঠে গোল দিতে চেয়েছিল। এ জন্য বিরোধী দলকে নানাভাবে প্ররোচিত করে চলেছে। নানা গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু কোনো কিছুতেই বিরোধী দল মাঠ না ছাড়ায় নীলনকশা বাস্তবায়নে পুলিশ-প্রশাসন-কমিশন-সরকার মিলে মরিয়া হয়ে উঠেছে। হামলা-মামলা-গ্রেপ্তার, এজেন্টদের হুমকি-ধমকি দিয়ে চলেছে।

তিনি আরো বলেন, অতীতে বিভিন্ন স্বৈরশাসকের গণবিরোধী চক্রান্ত জনগণ ঐক্যবদ্ধ জাগরণে প্রতিহত করেছে। এবারও আমরা আশা করি, জনগণ সবপ্রকার ভয়-ভীতি-হুমকি উপেক্ষা করে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোট নিজে দিয়ে দেশে গণতন্ত্র-ভোটাধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিকের ভূমিকা পালন করবে।

ভোটকেন্দ্রে গিয়ে বাসদ মনোনীত প্রার্থীদের ‘মই’ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করারও আহ্বান জানান তিনি। বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রবিবার সকাল সাড়ে ৮ টায় ঢাকার সেগুনবাগিচা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন বলে জানানো হয়েছে বিবৃতিতে।