গুজব-অপপ্রচার শনাক্তে সাইবার টিম : র‌্যাব-১৩

গাইবান্ধা জেলায় অনলাইনে গুজব, মিথ্যা তথ্য বা অপপ্রচার শনাক্ত করার জন্য র‌্যাবের সাইবার টিম কাজ করছে। পাশাপাশি র‌্যাবের ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল ইউনিট ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা শহরের সরকারি মহিলা কলেজের সামনে এক সংবাদ সম্মেলনে রংপুর র‌্যাব-১৩ এর অধিনায়ক মো. মোজাম্মেল হক এসব তথ্য জানান।র‌্যাবের এই কর্মকর্তা জানান, ‘গাইবান্ধার চারটি আসনে এবার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংখ্যালঘু সম্প্রদায়সহ সবাই দলে দলে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরতে পারবেন। কোথাও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে এ জন্য র‌্যাব পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষ করে রোভার্স পেট্রোলিং চলছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যারা গুজব ছড়াচ্ছে বা অপপ্রচার করছে তাদের আমরা আইডেন্টিফাই করছি। পাশাপাশি ছাত্রাবাস, যানবাহন ও বিভিন্ন হোটেল-রোস্তোরাঁয় তল্লাশি চালাচ্ছি। বহিরাগতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘গুজব, মিথ্যা তথ্য বা অপপ্রচার শনাক্ত করার জন্য আমাদের সাইবার টিম কাজ করছে। এর পাশাপাশি র‌্যাবের ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল ইউনিট রেডি আছে। প্রয়োজনে আমরা ব্যবহার করব। এর বাইরে ঢাকায় আমাদের হেলিকপ্টার টহল রেডি আছে। যদি কোথাও আমাদের জরুরি অবতরণের প্রয়োজন হয় তাহলে হেলিকপ্টার সাপোর্ট নিয়ে অবতরণ করব।’

চরাঞ্চলে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছেÑ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা এলাকা ভাগ করে নিয়েছি। চর এলাকায় পুলিশ, বিজিবির বেশি করে জনবল রয়েছে। প্রয়োজন হলে আমাদের হেলিকপ্টার সাপোর্ট যাবে।’ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে র‌্যাব-১৩ অধিনায়ক বলেন, ‘বিগত ২০১৩, ১৪ ও ১৫ সালে গাইবান্ধাতে অনেক সন্ত্রাস ও নাশকতা হয়েছে। এবার আমরা আগে থেকেই মনিটর করছি। যেকোনো ধরনের নাশকতা বা সন্ত্রাস করার মিনিমাম চেষ্টা করলে কঠোরভাবে পর্যুদস্তু করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে ও থাকবে। আগামী দিনগুলোতে আমরা আশা করছি, অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।’

আরেক প্রশ্নের উত্তরে মোজাম্মেল হক বলেন, ‘এরমধ্যে রংপুর বিভাগ থেকে ২৮ জঙ্গিকে আটক করা হয়েছে এবং তাদের কাছে থেকে ২০টিরও বেশি আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করেছি। আমরা এখানে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে চাই। যেকোনো ধরনের তথ্য ৯৯৯ বা রিপোর্ট-টু র‌্যাব অ্যাপসের মাধ্যমে জানানো যাবে।’ এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১৩ এর উপঅধিনায়ক মেজর আরমিন রাব্বী, গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সাজ্জাদ রায়হান, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হাবিবুর রহমান ও স্কট কমান্ডার মুন্না বিশ্বাস প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৩ সালে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারকে ঘিরে সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় ৪ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। ২০১৪ সালের নির্বাচনের আগে-পরে ব্যাপক সহিংসতা হয় এবং প্রাণহানি ঘটে।