ঢাকা-৮ এর অধিকাংশ কেন্দ্রেই ধানের শীষের এজেন্ট নেই

রাজধানীর অন্যতম আসন ঢাকা-৮ এর অধিকাংশ কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এজেন্ট নাই। দুই-একটি কেন্দ্রে এজেন্ট ঘোষিত হলেও রোববার সকাল থেকে কাউকে দেখা যায়নি। তবে নৌকা প্রতীকের এজেন্ট রয়েছে প্রতি কেন্দ্রে।

টিঅ্যান্ডটি উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুলসহ একাধিক কেন্দ্র ঘুরে এ পরিস্থিতি দেখা গেছে। শুধু ধানের শীষই নয়, এসব কেন্দ্রে হাতপাখা, লাঙল, গোলাপ ফুলসহ অন্য প্রার্থীদের কারও এজেন্ট দেখা যায়নি।

পুরুষ বুথে এজেন্ট না থাকলেও টিঅ্যান্ডটি স্কুলের মহিলা বুথে উপস্থিত ছিলেন এজেন্ট মমতাজ বেগম। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘এজেন্ট দেওয়া হয়েছে। কিন্তু ভয়ে তারা কেউ আসেননি।’

এদিকে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আজিজুর রহমান বলেন, ‘ধানের শীষের এজেন্ট আসেনি। যারা আসছেন, তারা দায়িত্ব পালন করছেন।’

জানা গেছে, এ আসনে প্রতি বুথে গড়ে ৫০০ ভোট রয়েছে। প্রতি ঘণ্টায় গড়ে ২০টি ভোট পড়ছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে নৌকা প্রতীকে লড়ছেন রাশেদ খান মেনন আর ধানের শীষ প্রতীক নিয়ে আছেন মির্জা আব্বাস।