বিবেককেই জিজ্ঞাসা করুন কেমন ভোট হচ্ছে: ইসি মাহবুব

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, কেমন ভোট হচ্ছে তা আপনাদের বিবেককেই জিজ্ঞাসা করুন। সকাল থেকেই টেলিফোনে আমি অসংখ্য অভিযোগ পেয়েছি।

রাজধানীর মগবাজারে ইস্পাহানি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রোববার সকাল ৯টা ২০ মিনিটে নিজ কেন্দ্রে বিরোধী দলের কোনো পোলিং এজেন্ট পাননি বলেও অভিযোগ করেন এই নির্বাচন কমিশনার।

মাহবুব তালুকদার বলেন, ‘আমি আগেও বলেছি- আপনারা আপনাদের নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন কেমন ভোট হচ্ছে? আপনাদের বিবেককে জিজ্ঞাসা করলেই সে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।’

অভিযোগের সুরাহা সম্পর্কে তিনি বলেন, ‘কমিশনার হিসেবে আমার একক কোনো রেসপনসিবিলিটি (দায়িত্ব) আছে বলে মনে করি না।’

এই নির্বাচন কমিশনার বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতির প্রত্যাশা। এ নির্বাচন অবশ্যই হতে হবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য।’

তিনি আরও বলেন, আইনানুগভাবে নির্বাচন সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন। কোনো ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না। আপনার ইচ্ছা অনুযায়ী প্রার্থীকে ভোট দিন। আপনার একটি ভোট গণতন্ত্রের রক্ষাকবচ।