নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে সংঘর্ষ, ব্যালট লুটের ঘটনায় তিনটি ভোটকেন্দ্র ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
কেন্দ্র তিনটি হচ্ছে- শরিফপুর ইউনিয়নের পূর্ব বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরাদপুর প্রাথমিক বিদ্যালয় ও বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর নূরানী মাদ্রাসা।
এসব কেন্দ্রে সংঘর্ষে তিনজন আনসার-বিডিপি সদস্যসহ আটজন আহত হয়েছেন। আওয়ামী লীগ কর্মীরা শরিফপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলেও জানা গেছে।
কেন্দ্র তিনটির প্রিসাইডিং অফিসার ও ভোটের সরঞ্জামাদি উপজেলায় নিয়ে আসা হয়েছে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কিছু বলতে রাজি হননি।
আসনটিতে নৌকার প্রার্থী মামুনুর রশীদ কিরণ। ধানের শীষের প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু।