সাতক্ষীরায় ধানের শীষের দুই প্রার্থীর ভোট বর্জন

সাতক্ষীরায় ধানের শীষের দুই প্রার্থী ভোট বর্জন করেছেন। সাতক্ষীরা সদর-২ আসনের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক ও সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলাম ভোট বর্জন করেন। তারা বর্তমানে সাতক্ষীরা জেলে থাকায় তাদের পক্ষে দলের নেতারা এ ঘোষণা দেন।

রোববার দুপুর সোয়া ১টায় জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের পক্ষে জেলা জামায়াতের প্রচার সম্পাদক মাওলানা আজিজুর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন।

মাওলানা আজিজুর রহমান অভিযোগ করেন, ‘প্রত্যেকটি ভোটকেন্দ্র ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা দখল করে ভোটারদের ফিঙ্গার প্রিন্ট নিয়ে নিজেরাই বাটন চেপে ভোট দিচ্ছে। অনেক কেন্দ্রে ভোটারদের ঢুকতেই দেওয়া হচ্ছে না। কর্মী সমর্থকদের মারধর ও ভোটকেন্দ্র দখল করা হয়েছে।’

এজন্য দলীয়ভাবে ভোট বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

একইভাবে অনিয়ম, জালভোট, ভোটকেন্দ্র দখল ও ভোটারদের ভীতি প্রদর্শনের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম।

রোববার বেলা ১২টার দিকে তার প্রধান নির্বাচন সমন্বয়ক শ্যামনগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। রাতেই জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। এখন ভোটকেন্দ্র দখল করে সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এজন্য আমরা ভোট বর্জনের সিদ্ধান্ত
নিয়েছি।’