আওয়ামী লীগ এবং বিএনপির গোলাগুলির মধ্যে পড়ে নোয়াখালীতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাছারা কেন্দ্রে রোববার দুপুরের পর এই ঘটনা ঘটে।
বেগমগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, নিহত আনসারের নাম নুরুনন্নবী (৫০)।
বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী-৩ আসনের অন্তর্গত। আওয়ামী লীগ থেকে এখানে প্রার্থী মামুনুর রশীদ কিরন। বিএনপির বরকতউল্লাহ বুলু।
আনসার মারা যাওয়ার ঘটনায় কোনো পক্ষই এখনো পর্যন্ত মন্তব্য করতে রাজি হয়নি।
গোপালপুর ছাড়াও আমানুল্লাহপুর ইউনিয়নের খানপুর কেন্দ্রে দুই পক্ষের গোলাগুলি হয়েছে। প্রায় ৩০ মিনিট ধরে চলা এই সংঘর্ষের পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
কেন্দ্রটিতে থাকা পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
এছাড়া মধ্যম নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী কাজে পুলিশের ব্যবহার করা একটি পিকআপ পুড়িয়েছে দুর্বৃত্তরা।
পুলিশের দাবি, বিএনপির সমর্থকরা এই কাজের সঙ্গে জড়িত।