ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ভোটের সকালে কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। দিনের শুরুতে পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ, বিএনপি প্রার্থীর এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। উৎসাহ নিয়ে কেন্দ্রে এলেও ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। গতকাল রোববার ভোটগ্রহণ চলাকালে এ নির্বাচনী এলাকায় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
বেলা ১১টায় আশুলিয়ার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে কাঠগড়া স্কুলে বিএনপির প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু অভিযোগ করেন, প্রায় ২০০টি কেন্দ্রে রাতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন ব্যালট পেপারে সিল মেরে রেখেছে। কোনো নির্বাচনী কেন্দ্রে তাদের এজেন্ট নেই। সবাইকে ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ না থাকায় বেশির ভাগ ভোটার ভোট দিতে পারেনি।
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী ডা. এনামুর রহমান বলেন, ‘সারা দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে কোথাও এমন কোনো অভিযোগ পাইনি। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রায় সাড়ে সাত লাখ ভোটারের এ আসনে মোট ২৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে।’