চট্টগ্রামের চন্দনাইশে ছাতা প্রতীকের প্রার্থী এলডিপির অলি আহমদ ও নৌকার নজরুল ইসলামের পক্ষে কেন্দ্র দখলের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের তিনটি কেন্দ্রে গিয়ে একটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের চিত্র দেখা গেছে। তবে বাকি দুটি কেন্দ্রের একটিতে নৌকার প্রার্থীর ও অন্যটিতে ছাতা প্রার্থীর পক্ষে দখল করে ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সকাল ১০টার দিকে দোহাজারী এলাকায় জামিঝুরি আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রটির বাইরে অপেক্ষমাণ ভোটারদের লম্বা লাইন। এখানকার ভোটাররা অভিযোগ করেন, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও তারা ভেতরে যেতে পারছেন না। এ সময় ক্ষুব্ধ কয়েকজনকে ভোট না দিয়ে বাড়ি ফিরতেও দেখা গেছে। এই কেন্দ্রের ভেতরে-বাইরে নৌকার সমর্থকদের অবস্থান নিয়ে
থাকতে দেখা গেছে। বেলা সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে লাঠিসোটা নিয়ে ছাতা মার্কার নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছে। এই স্কুলে নারী ও পুরুষদের জন্য আলাদা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছিল। স্কুলের সীমানা প্রাচীরের ভেতরে ভোটারদের লম্বা সারি দেখা গেছে। এখানকার পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাফকাত মাহমুদ বলেন, ২ হাজার ১৫৯ ভোটের মধ্যে সোয়া ১২টা পর্যন্ত ১ হাজার ৬০টি ভোট পড়েছে। এই কেন্দ্রে নৌকার এজেন্ট লুৎফর রহমান বলেন, ‘সকালে ছাতার লোকজন এসে আমাকে তুলে নিয়ে যেতে চায়। পরে প্রিসাইডিং অফিসারের হস্তক্ষেপে আমি রক্ষা পাই।’ এই কেন্দ্রে ছাতার এজেন্ট দিদারুল আলমও পাল্টা অভিযোগ করেন, সকালে নৌকা প্রার্থীর লোকজন ‘ঝামেলা’ করেছে।