রাজবাড়ীর দু’টি আসনে বিপুল ভোটে আ. লীগ প্রার্থীর জয়লাভ

রাজবাড়ী জেলার দু’টি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। রবিবার রাতে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ শওকত আলী আনুষ্ঠানিকভাবে দু’টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুয়ায়ী রাজবাড়ী-১ (২০৯) আসনের ১০২ টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী নৌকা প্রতীকে ২ লক্ষ ৩৮ হাজার ৯শ ১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম পেয়েছেন ৩৩ হাজার ভোট। এ আসনে অন্য প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের এ্যাডঃ জাহাঙ্গীর আলম জাহিদ খান পাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮শ ৩৪ ভোট। এ আসনে ভোট গ্রহণের হার ৮১ শতাংশ।

রাজবাড়ী-২ (২১০) আসনে ১৭৫ টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম নৌকা প্রতীকে ৩ লক্ষ ৯৮ হাজার ৯শ ৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপি’র সাবেক সভাপতি সাবেক এমপি নাসিরুল হক সাবু পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট। এ আসনে অন্য প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এবিএম নুরুল ইসলাম লাঙ্গল প্রতীকে ১ হাজার ৮শ ৩৮ ভোট, ইসলামী আন্দোলনের নুর মোহাম্মদ পাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭শ ৪৯ ভোট এবং নাজমুল হাসান ছড়ি প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫ ভোট। এ আসনে ভোট গ্রহণের হার ৮৯ শতাংশ।