একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি।
ভোটার সংখ্যা হিসেবে ওই তিন কেন্দ্রের ভোটেই নির্ধারণ হবে বিএনপির প্রার্থী আবদুস সাত্তার ভূইয়া ও স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিনের ভাগ্য। মঈনকে জয়ের জন্য তিন কেন্দ্রের সবকটি ভোট পেতে হবে।
১২৯ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে আবদুস সাত্তার ভূইয়া পেয়েছেন ৮২ হাজার ৭২৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।
রোববার গভীর রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।
স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো- যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
এ তিনটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৫৭৪। তিনটি কেন্দ্রই আশুগঞ্জ উপজেলায় অবস্থিত। মঈন উদ্দিনের বাড়ি ওই উপজেলার তালশহর গ্রামে।