একাদশ সংসদ নির্বাচনে প্রহসনের নাটক মঞ্চস্থ হয়েছে দাবি করে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন পুনঃনির্বাচনের দাবিতে ৩ জানুয়ারি নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন।
সোমবার রাতে মতিঝিলের নিজ চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি এ কর্মসূচির কথা জানান।
লিখিত বক্তব্যে ড. কামাল বলেন, নির্বাচনের নামে নাটক সমগ্র দেশবাসী প্রত্যক্ষ করেছেন এবং তা ‘হাড়ে হাড়ে’ উপলব্ধি করেছেন। একটি স্বাধীন দেশের নির্বাচনী ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করতে হয়েছে, তা বিশ্ববাসীকে দেখিয়েছে আওয়ামী লীগ এবং তাদের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, কথিত এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সরকারকে বিজয়ী দেখালেও প্রকারান্তরে হেরেছে বাংলাদেশ ও তার ১৭ কোটি মানুষ। এর মধ্য দিয়ে কবর রচিত হয়েছে আমাদের বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্রের। সার্বিক অবস্থা বিবেচনা করে জাতীয় ঐক্যফ্রন্ট কথিত নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছে।
এর আগে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।