নববর্ষের ভাষণে যুক্তরাষ্ট্রকে কিমের হুঁশিয়ারি

গোটা বিশ্ব যখন ইংরেজি বর্ষবরণে মাতোয়ারা, তখন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বসলেন উত্তর কোরীয় নেতা কিম জং-উন। নববর্ষের ভাষণেই তিনি এই হুমকি দেন বলে জানায় বিবিসি ও আলজাজিরা।

কিম হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি পরমাণু নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার ওপর অবরোধ অব্যাহত রাখে, তবে তিনি বিকল্প পথে হাঁটবেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা বক্তব্য কিমকে বলতে শোনা যায়, ‘যুক্তরাষ্ট্র যদি আমাদের জনগণের ধৈর্যের অবমূল্যায়ন করে, আমাদের ওপর কিছু চাপিয়ে দেয় এবং অবরোধ অব্যাহত রাখে আর বিশ্বের সামনে তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করে, তাহলে আমাদের সার্বভৌমত্ব রক্ষায় নতুন পথে হাঁটা ছাড়া কোনো বিকল্প থাকবে না।’

কিমের গত বছরের বক্তব্যে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের অভূতপূর্ব দ্বার উন্মোচনের বিষয়টি স্থান পেয়েছিল।

এরই ধারাবাহিকতায় পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে সিঙ্গাপুরে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং-উন। এরপর উত্তর কোরিয়া কিছু পরমাণু স্থাপনা ধ্বংস এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করলেও দৃশ্যমান তেমন ফল আসেনি।

এর আগে ২০১৭ সালে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম একাধিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, যেসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এতে ক্ষুব্ধ হয়ে যুদ্ধের হুমকি দিয়ে বসেন প্রেসিডেন্ট ট্রাম্প।