ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন ২০১৮ সালে। দল সাফল্য পেয়েছে, ব্যক্তিগত অর্জনে ভাস্বর ছিলেন নিজেও। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম মুখ জাহানারা আলম চান ২০১৯ সালে দেশবাসীকে আরো সাফল্য উপহার দিতে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে উন্নতি করা নতুন বছরে প্রধান লক্ষ্য এই পেসারের।
২০১৮ সালে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় সাফল্য আসে মেয়েদের হাত ধরে। ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয় করে মেয়েরা। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলে বৈশিক আসরে যা বাংলাদেশের প্রথম শিরোপা। কুয়ালালামপুরের ফাইনালে শেষ বলে ২ রান নিয়ে বাংলাদেশকে উৎসবে ভাসিয়েছিলেন জাহানারা।
তারকা এই ক্রিকেটার নতুন বছরে নিজের প্রত্যাশার কথা শোনালেন দেশ রূপান্তরকে। নতুন বছরে যাওয়ার আগে বললেন ফেলে আসা বছর নিয়ে। ২০১৮ সাল নিয়ে তার মূল্যায়নটা এ রকম, ‘‘নিশ্চিতভাবেই বছরে সব থেকে বড় অর্জন এশিয়া কাপ জয়। তার সঙ্গে ব্যক্তিগত অর্জনও অনেক আছে আমার। ম্যাচে ৫ উইকেট লাভ (টি-টোয়েন্টিতে), এশিয়া কাপে উইনিং দুই রান, বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেরা ১২ জনের মধ্যে জায়গা করে নেওয়া। সবকিছু মিলিয়ে ক্যারিয়ার সেরা বলতে পারেন।’’
এই সাফল্যকে এবার নতুন বছরে টেনে নিতে চান জাহানারা, ‘‘নতুন বছর আশা করি ভালো হবে। শুরু থেকেই ভালো করতে চাই। ২০১৮ সালের মতো ২০১৯ সাল যেন খুব ভালোভাবে শেষ করতে পারি, নিজে ভালো পারফরম্যান্স করে যেন দলে অবদান রাখতে পারি।’’
২৫ বছর বয়সী অলরাউন্ডার যোগ করে বলেন, ‘‘পেশাদার ক্রিকেটার হিসেবে বরাবরই আমাদের লক্ষ্য থাকে ভালো পারফরম্যান্স করা এবং যেভাবে হোক দলে কোনো না কোনো ভাবে অবদান রাখা। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই এবং ওর থেকেও (২০১৮ সালের চেয়ে) আরো ভালো কিছু করতে চাই। দলের জয়ে অবদান রাখতে চাই।’’
মেয়েদের ক্রিকেটে পেস আক্রমণে অনেক দিন ধরেই বড় ভরসার নাম জাহানারা আলম। অনেক সময় ব্যাট হাতেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তবে নতুন বছর ব্যাটিংয়ে আরো উন্নতিটাই মূল লক্ষ্য হিসেবে স্থির করেছেন জাহানারা, ‘‘অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আসার লক্ষ্য নিয়ে এবার বিশ্বকাপে খেলতে গিয়েছিলাম। অলরাউন্ডিং পারফরম্যান্স তো হয়নি। বোলিং র্যাঙ্কিংয়ে আশা করি এগিয়ে থাকব। এ বছর লক্ষ্য রাখব ব্যাটিংটা যেন বোলিংয়ের পাশাপাশি উন্নতি করতে পারি।’’
‘‘বোলিংয়ের পাশাপাশি যদি আমি দলকে সাপোর্ট দিতে পারি তাহলে দল অনেকটাই এগিয়ে যাবে। বছরের শুরু দিক থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছি। এই মাস থেকে প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু হওয়ার কথা। আশা করি এই টুর্নামেন্ট থেকেই ভালো শুরু করতে পারব। যেটা শেষ হবে আন্তর্জাতিক ক্রিকেট দিয়ে…।’’
দেশ রূপান্তরের মাধ্যমে দেশবাসীর কাছে জাহানারা চাওয়া, ‘‘দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, নিজের পারফরম্যান্সের পাশাপশি নারী ক্রিকেট দল যেন আরো এগিয়ে যায়। ভালো রেজাল্ট নিয়ে আসতে পারে দেশের জন্য। বিগত দিনে দুঃসময় ও সুসময়ে সবাই যেমন সাথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। পুরুষ ক্রিকেটের পাশাপাশি সাপোর্ট করবেন নারী ক্রিকেটকে। এই কামনা করছি।’’