নিয়ন্ত্রণহীন গতির কারণে মালিবাগে দুই মৃত্যু

বাসের গতির নিয়ন্ত্রণহিনতার কারণে রাজধানীর মালিবাগে বাসের নিচে চাপা পড়ে দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। আটক বাসের চালক জুনায়েদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য উদ্ধৃত করে হাতিরঝিল থানা পুলিশের এসআই তাহমিনা আক্তার এ তথ্য জানান।

মঙ্গলবার দুপুরে আবুল হোটেল সংলগ্ন সড়কে সু-প্রভাত পরিবহনের একটি দ্রুতগতির বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়। বাসটি শান্তিনগর এলাকা থেকে উড়াল সেতু হয়ে আবুল হোটেলের সামনে রাস্তায় নামার মুখেই দুজনকে চাপা দেয়। স্থানীয়রা বাসচালক জুনায়েদকে আটক করে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এসআই তাহমিনা আক্তার দেশ রূপান্তরকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুনায়েদ বেশ গতিতে ফ্লাইওভার দিয়ে নামার সময় বাসটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি বলে স্বীকার করেছে। এ ঘটনায় মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত কোনো মামলা হয়নি।