নরসিংদীতে নিখোঁজের তিনমাস পর পারভেজ (২৫) নামে এক যুবকের বস্তাবন্দী কংকাল উদ্ধার করেছে পুলিশ। দুই ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বুধবার সকালে জেলার পলাশ উপজেলার দড়িচরের একটি আখক্ষেত থেকে কংকাল উদ্ধার করে।
নিহত পারভেজ পলাশ উপজেলার গুচ্ছগ্রাম এলাকার তাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন বলে জানিয়েছেন পুলিশ।
অভিযানে অংশ নেয়া শিবপুর মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, গত বছরের সাত অক্টোবর বাড়ি থেকে নিখোঁজ হয় পারভেজ। কোথাও সন্ধান না পেয়ে পারভেজের বাবা তাজুল ইসলাম পলাশ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তিনি বাদী হয়ে শিবপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
তিনি জানান, এই মামলায় ইতিপূর্বে বাবুসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। তাদের দেয়া তথ্য অনুযায়ী বুধবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া থেকে ডাকাত জালাল ও নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর থেকে ডাকাত বদুকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ বুধবার সকালে জেলার পলাশ উপজেলার দড়িচরের একটি আখক্ষেত থেকে নিখোঁজ পারভেজের বস্তাবন্দী মাথার খুলি ও হাড় উদ্ধার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন বলেন, ডাকাতিতে লুটকৃত টাকা-পয়সা নিয়ে বিরোধের জের ধরে নিজ দলের সদস্যরা পারভেজকে হত্যা করেছে। নিখোঁজ পারভেজের কংকাল উদ্ধার ও ঘাতকদের গ্রেপ্তারের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে এই ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী নেয়া হবে।