মালিতে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩৭

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বিবদমান দুটি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার মধ্য মালিতে কৃষিজীবী ফুলানিদের গ্রামে ঐতিহ্যবাহী ডগন শিকারিরা অস্ত্র নিয়ে হামলা চালায় বলে সরকারি ভাষ্য।

এক বিবৃতিতে বলা হয়, মপতি এলাকায় ব্যাংকাসের কাছে কৌলগন গ্রামে ডগন নৃ-গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত ‘ঐতিহ্যবাহী ডজো শিকারিদের মতো পোশাক পরা সশস্ত্র লোকেরা এ হামলা চালায়। ‘৩৭ জন বেসামরিক মানুষের প্রাণহানি ছাড়াও এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং অনেক বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। এর আগে এক নিরাপত্তা কর্মকর্তা ও এক প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, হামলা ডগনরাই চালিয়েছে। এতে ৩৩ জন নিহত হয়েছে। আল্লায়ি ইয়াত্তারা নামে এক ফুলানি বলেন, ‘আমাদের গ্রামের প্রধান মৌসা ডিয়াল্লো হামলায় নিহত হয়েছেন। তার সঙ্গে বৃদ্ধা নারী, এক বালিকাও মারা গেছে, যারা সবাই ওই পরিবারের সদস্য।’