নির্বাচনী সহিংসতা বগুড়ায় আহত আ.লীগ নেতার মৃত্যু

নির্বাচনী সহিংসতায় আহতের তিন দিন পর বগুড়ার কাহালু উপজেলার আরেক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন নাজমুল হুদা ডুয়েলের মৃত্যু হয় বলে জানান পাইকড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিটু চৌধুরী। ডুয়েল পাইকড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পাইকড় ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

গত ৩০ ডিসেম্বর ভোটের দিন সহিংসতায় সারা দেশে ১৭ জনের মৃত্যু হয়। তাদের অধিকাংশই আওয়ামী লীগের।

মিটু চৌধুরী জানান, ভোটের দিন দুপুরে বগুড়া-৪ আসনের কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগাইল গ্রামে ধানের শীষ কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়। তখন তিন নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আজিজুর রহমান (৩০) নিহত এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নাজমুল হুদা ডুয়েল গুরুতর আহত হন। ভোটগ্রহণের সময় বাগইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। ডুয়েলকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় মঙ্গলবার তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়।