সরকারি ব্যয় বরাদ্দ বিলে সই করার প্রতি কোনোধরনের মনোভাবই দেখা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। সীমান্ত দেয়ালের জন্য বাজেট না পাওয়ায় বুধবারও তার অবস্থানে অনড় থাকেন তিনি।
বুধবার ছিল দেশটির সাময়িক শাটডাউনের ১২তম দিন। কংগ্রেসে মেক্সিকা-যুক্তরাষ্ট্রে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৫ বিলিয়ন ডলার বাজেট অনুমোদন করতে ব্যর্থ হওয়ায় ২২ ডিসেম্বর দেশটিতে অচলাবস্থা সৃষ্টি হয়।
বড়দিনের ছুটির পর কংগ্রেসের অধিবেশনে এ সংকট কাটিয়ে ওঠতে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল দেশটির নীতিনির্ধারকদের মধ্যে। যদিও সীমান্ত দেয়াল নির্মাণের জন্য বাজেট পাস করতে ঠিকই দেনদরবার চালিয়ে যাচ্ছিলেন ট্রাম্প।
আলজাজিরা জানায়, বুধবার কোনো ধরণের রেজুলেশন ছাড়াই কংগ্রেসের নেতৃবৃন্দের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন ট্রাম্প। যদিও এতে কোনো পক্ষই সমাধানে আসতে পারেনি। শুক্রবার আবারও হোয়াইট হাউজে মিলিত হবেন তারা। ফলে আগামি রোববার পর্যন্ত শাটডাউন পরিস্থিতি অব্যাহত থাকছে বলে ধরে নেওয়া হচ্ছে।
একজন জ্যৈষ্ট ডেমোক্রেট সিনেটর জানান, তারা এ পরিস্থিতি নিরসনের জন্য ট্রাম্পকে চাপ প্রয়োগ করেন এবং জানতে চান কেন তিনি এ অচলাবস্থা এতদিন ধরে রেখেছেন।
সিনেটর চউক শিউমার বলেন, ‘আমি প্রেসিডেন্টকে বললাম, আপনি অন্তত একটি উপযুক্ত কারণ দেখান, কী কারণে শাটডাউন ধরে রেখেছেন। তিনি কোনো ধরনের সদুত্তর দিতে পারেননি।’
বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘দীর্ঘ সময়’ ধরে শাটডাউন থাকতে পারে। সীমান্ত দেয়াল নির্মাণের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, ‘আমি মনে করে দেশবাসী মনে করছে, আমিই ঠিক আছি।’
এদিন সীমান্ত দেয়াল নির্মাণের জন্য আড়াই বিলিয়ন ডলার অনুমোদনের জন্য দেয়া প্রস্তাব আবারো প্রত্যাখ্যান করে দেন ট্রাম্প।