১৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ব্যাটিংয়ে ঝড় তুললেন নিউজিল্যান্ডের জেমস নিশাম। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে এক ওভারে হাঁকিয়েছেন পাঁচ ছক্কা!
মাউন্ট মঙ্গানুইয়ে বৃস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৭১ রানের বিশাল সংগ্রহ পায় নিউজিল্যান্ড। মার্টিন গাপটিলের সেঞ্চুরি, কেইন উইলিয়ামস ও রস টেইলরের অর্ধশতক হাঁকানোর পর শেষ দিকে তাণ্ডব চালান সাত নম্বরে নামা নিশাম। থিসারা পেরেরার করা ৪৯তম ওভারের পাঁচটি বলই ছক্কায় পরিণত করেন বাঁহাতি এই ব্যাটার!
প্রথম চার বলে ছক্কা খেয়ে খেই হারিয়ে ফেলেন পেরেরা। পরের ডেলিভারিটি হয় ‘নো বল’। নো বল থেকে দুই রান নিয়ে ফ্রি-হিটে ছক্কা হাঁকান নিশাম। ওভারের শেষ বলেও ছক্কা হাঁকাতে চেয়েছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। কিন্তু ঠিকমতো উড়াতে পারেননি। সন্তুষ্ট থাকতে হয় এক রান নিয়েই।
নিজের স্পেলের শেষ ওভারটিতে থিসারাকে দিতে হয় ৩৪ রান! অথচ আগের ৯ ওভারের ৪৬ রানে দুটি উইকেট পেয়েছিলেন ডানহাতি এই পেসার।
ওভারটিতে আগুনে ব্যাটিংয়ের পর ৯ বলে নিশামের ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৩৬! ওয়ানডে ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের দিকে ছুটছিলেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। ইনিংসের শেষ ওভারে দুটি বলে স্ট্রাইক না পাওয়ায় সেটা আর সম্ভব হয়নি। বাকি চার বলে এক ছক্কাসহ আরও ১১ রান পেলে শেষ পর্যন্ত তার ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৪৭। ১৩ বলের ইনিংসটিতে তার ছক্কা ছয়টি। আর স্ট্রাইকরেট দাঁড়ায় ৩৬১ দশমিক ৫৩!
ওয়ানডেতে দ্রুততম অর্ধশক হাঁকানোর রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের দখলে। ২০১৫ সালের জানুয়ারিতে জোহান্সবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৬ বলে পঞ্চাশের দেখা পেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত থেমেছিলেন ১৪৯ রানে। তার ৪৪ বলের টর্নেডো ইনিংসটিতে ছিল ১৬ ছক্কা ও ১টি চার!
দ্রুততম অর্ধশতক হাঁকানোর তালিকায় দ্বিতীয়স্থানে আছেন শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া, কুশল পেরেরা ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। তারা সবাই ১৭ বলে পঞ্চাশের দেখা পেয়েছিলেন।