শুরুতেই ওপেনার লোকেশ রাউল উইকেট ছাড়া হলেও খেই হারায়নি ভারত। অপর ওপেনার মায়াঙ্কা আগারওয়ালকে নিয়ে বড় সংগ্রহের ভীত গড়ে তুলেন চেতেশ্বর পূজারা। সিডনি টেস্টের প্রথম ইনিংসে বিশাল সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বিরাট কোহলির দল।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবারের খেলা শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৩০৩। পুজারা ২৫০ বলে ১৩০ ও হানুমা বিহারি ৫৮ বলে ৩৯ রানে অপরাজিত আছেন।
চলতি টেস্ট সিরিজে দারুণ ফর্মে আছেন পূজারা। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ভরসা জুগিয়েছিলেন অ্যাডিলেড ও মেলবোর্নে। আশানুরূপ জ্বলতে পারেননি কেবল পার্থ টেস্টেই।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ভারত। দলীয় ১০ রানে জশ হেইজেলউডের বলে রাহুলকে পর উইকেটে আসেন নামেন পূজারা। তরুণ মায়াঙ্কের সঙ্গে দ্বিতীয় উইকেটে তাঁর ১১৬ রানের পার্টনারশিপ ভারতকে দাঁড় করিয়ে দেয় শক্ত ভিতের উপর।
এই জুটিতে ফাটল ধরান নাথান লায়ন। তার বলে লং-অনে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দেন ১১২ বলে ৭৭ রান করা মায়াঙ্ক। দুই ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে দুটি অর্ধশতক হাঁকালেন ডানহাতি এই ব্যাটার। তার ১১২ বলের ইনিংসটিতে চার সাতটি; ছক্কা দুটি।
১৮০ রানে কোহলিকে হারায় ভারত। হেইজেলউডের বল লেগ সাইড দিয়ে খেলতে গিয়ে কট-বিহাইন্ড হন ৫৯ বলে ২৩ করা কোহলি। এরপর অজিনঙ্কা রাহানের সঙ্গে জুটি গড়েন পূজারা। ৪৮ রানের এই জুটিকে থামান স্টার্ক। কট-বিহাইন্ড হন ৫৫ বলে ১৮ করা রাহানে।
এই জুটিতে ফাটল ধরার আগেই চলতি সিরিজে তৃতীয় শতকের দেখা পান পূজারা। টেস্টে ক্যারিয়ারে নিজের অষ্টাদশ শতক করতে ডানহাতি এই ব্যাটার খেলেন ১৯৯ বল। এর মধ্যে ১৩টি বল বাউন্ডারিতে পরিণত করেন তিনি।
পূজারা ও বিহারির দৃঢ়তায় আর কোনো উইকেট হারায়নি ভারত। পঞ্চম উইকেট জুটিতে এরই মধ্যে তারা যোগ করেছেন ৭৫ রান।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল হেইজেলউড। ৫১ রানে দুটি উইকেট নিয়েছেন তিনি। একটি করে উইকেট নেন স্টার্ক ও নায়ন।
চার ম্যাচের এই সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে আছে। সিডনি টেস্ট ড্র করলেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের আনন্দে ভাসবে টিম ইন্ডিয়া।