এ নির্বাচন জাতির সঙ্গে প্রতারণা: ঐক্যফ্রন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতির সঙ্গে প্রতারণা বলে অভিহিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসিতে স্মারকলিপি দেওয়ার পর আরো নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানান। তিনি বলেন, বিভিন্ন আসনে ভোটের দিন যেসব অনিয়ম-কারচুপি হয়েছে তা ইসিকে তথ্য-প্রমাণসহ দেওয়া হয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা স্মারকলিপি গ্রহণ করলেও তাদের মধ্যে কোনো  কথা হয়নি বলে জানান মির্জা ফখরুল।

এর আগে দুপুর ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে অনিয়মের অভিযোগ উল্লেখ করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবিতে ইসিতে স্মারকলিপি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে এ সময় ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির একাদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

এর আগে ২ জানুয়ারি সিইসি কে এম নূরুল হুদা ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদকে স্মারকলিপি দেওয়ার বিষয়টি অবহিত করে এই জোট।

ঐক্যফ্রন্টের প্রার্থীদের আগমন কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে ইসিতে।