একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বাতিল করে পুনঃনির্বাচন এবং নোয়াখালীর সুবর্ণরে গৃহবধূ ধর্ষণকারীদের বিচারের দাবিতে বরিশালে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচী পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে ওই কর্মসূচী পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ৩০ ডিসেম্বর বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দাবি করা দলটি মানুষের ভোটের অধিকার হরণ করেছে। ভোটের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। প্রশাসনের সহযোগিতা আগেভাগে ব্যালট বাক্স ভরে ফেলা হয়েছে। তারা একটি ভোট ডাকাতির নির্বাচন করেছে। এই নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন না হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ হবে।
৩০ ডিসেম্বরের নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনঃনির্বাচন দিয়ে জগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে বক্তারা ভোটের পর নোয়াখালীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় গৃহবধূকে গণধর্ষণকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মুখে কালো কাপড় বেঁধে এই অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.কে.এম মিজানুর রহমান সেলিম, গণ সংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আ. রসিদ নিলু, সদস্য সচিব হারুনর-রশীদ মাহমুদ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, বাসদের ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ।