কেউ কথা বলেনি বদির সঙ্গে!

কক্সবাজারের আলোচিত সাবেক এমপি আবদুর রহমান বদি এবার নির্বাচনে অংশ নিতে পারেননি। ওই আসন থেকে মনোনয়ন পেয়ে তার স্ত্রী শাহিন আক্তার কক্সবাজার-৪ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার স্ত্রীর সঙ্গে বদি সংসদে আসেন, তিনি সারাক্ষণ সংসদের তৃতীয় তলায় এমপিদের রেজিস্ট্রেশন ও ছবি তোলার স্থানের পাশে দাঁড়িয়ে ছিলেন।

সংসদের লবিতে বৃহস্পতিবার সংসদ সদস্য এবং তাদের সঙ্গে আসা নেতাকর্মীদের মিলন মেলা হলেও কাউকেই বদির সঙ্গে কথা বলতে দেখা যায়নি।

সংবাদকর্মীরা কেউ কেউ এগিয়ে যান বদির কাছ থেকে কিছু শোনার জন্য। কিন্তু তিনি নিজের কোনো কথাই বলেননি। তিনি বলেন, ‘এমপি ম্যাডাম আসুক, তিনি বলবেন’।

সংসদ সচিবের কক্ষ থেকে শাহিন আক্তার বেরিয়ে এলে সাংবাকিদরা তাকে ঘিরে ধরেন এবং মাদক নিয়ে প্রশ্ন করেন।

এ সময় বদিকে পাশে রেখে শাহিন আক্তার কক্সবাজার থেকে ইয়াবা ও মাদক নির্মূলে নিজের লড়াইয়ের ঘোষণা দেন। শাহিন আক্তার বলেন, মাদক, ইয়াবা ব্যবসাসহ সব অপকর্ম বন্ধে যা করণীয়, আমি তা করব।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শাহিন প্রায় পৌনে দুই লাখ ভোট পেয়ে বিজয়ী হন। ২০০৮ সালে কক্সবাজার-৪ আসনে আবদুর রহমান বদি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে সমালোচনার মুখে পড়েন।

সরকারের টানা দুই  মেয়াদে শিক্ষক পেটান, প্রকৌশলী ও আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং ইয়াবা নিয়ে সমালোচনায় পড়েন এবং  শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেওয়া হয়নি।