মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন মাসুদ রানা।
এর আগে বিশেষায়িত হাসপাতালে মইনুলের চিকিৎসা ও রংপুর আদালতে লাঞ্ছিতের ঘটনায় মইনুল হোসেনের স্ত্রী সাজু হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন।
রিটের শুনানি নিয়ে রংপুর কারা কর্তৃপক্ষ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে মইনুলের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এর ধারাবাহিকতায় গত ২৯ নভেম্বর বোর্ড গঠন করে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে চিকিৎসার জন্য সম্পূরক অবেদন করেন তার আইনজীবীরা।
গত ১৬ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করার অভিযোগে মইনুল হোসেনের বিরুদ্ধে ঢাকা ও রংপুরে একাধিক মানহানির মামলা করা হয়।
এর মধ্যে রংপুরের মামলায় তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বিচারিক আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বিচারক।
ওই ঘটনায় মইনুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মানহানির ২০টি মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়।
গত বছরের ৩ নভেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে রংপুর কারাগারে পাঠানো হয়।