একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।
এ ছাড়া ১১ জানুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করেছে এ জোট।
বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট মানববন্ধনের আয়োজন করে। দলীয় নেতা, কর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।
মানববন্ধন শেষে লিখিত বক্তব্যে সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, গোটা দেশকে অবরুদ্ধ করে কোটি কোটি ভোটারের ভোটাধিকার হরণ করে আরো একবার যে জবরদস্তিমূলক প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করা হলো, বাম গণতান্ত্রিক জোট এই নির্বাচন ও নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করছে।
তিনি বলেন, ৩০ ডিসেম্বর অবাধ নির্বাচনের মাধ্যমে দেশবাসীকে তাদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ভুয়া ভোটে যাদের নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে তাদের প্রায় সবাই জনগণ ভুয়া প্রতিনিধি হিসেবে বিবেচনা করছে।
মানববন্ধন ও অবস্থানে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতারা উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে আগামী ১১ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।