নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের নবনির্বাচিত সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা শপথ গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করান। মাশরাফীর শপথ গ্রহণের মধ্য দিয়ে নড়াইলবাসীর মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। খেলার মাঠে অধিনায়ক মাশরাফীকে জার্সি গায়ে দেখলেও এবার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভিন্নবেশে মুজিব কোট গায়ে তাকে দেখা যায়। মাশরাফীকে মন্ত্রী করার জোর দাবি তুলেছেন নড়াইলবাসী। চায়ের দোকান, হাট-বাজার থেকে শুরু করে সর্বত্র চলছে একই আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকেও মাশরাফীকে মন্ত্রিত্ব দেওয়ার জোর দাবি উঠেছে। কলেজছাত্র রিয়াজুল ইসলাম বলেন, ‘মাশরাফী ভাইয়া আমাদের তারুণ্যের অহংকার। ক্রিকেট তারকা হিসেবে বিশ্বজুড়ে তার পরিচিতি। এবার নড়াইল-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হওয়ায় আমরা তাকে নিয়ে নানা স্বপ্ন দেখতে শুরু করেছি। আমাদের স্বপ্ন পূরণ করতে হলে মাশরাফী ভাইকে মন্ত্রিত্ব পেতে হবে।’ নড়াইলে কোনো সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, আইটি পার্ক, মেডিকেল কলেজ, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, শিশুপার্ক নেই। নড়াইলবাসীর আশা মাশরাফীকে মন্ত্রী করা হলে হয়তো এসব দাবি পূরণ হবে। মুক্তিযোদ্ধার সন্তান আশিকুর রহমান বলেন, ‘স্বাধীনতার পর থেকে নড়াইল জেলায় কোনো মন্ত্রিত্ব দেওয়া হয়নি। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। এবার বিশ্বনন্দিত ক্রিকেট তারকা মাশরাফীকে মন্ত্রী হিসেবে সংসদে দেখতে চাই।’ শিক্ষক নেতা জাকির হোসেন বিপ্লবের দাবি দুর্নীতিমুক্ত স্বচ্ছ উন্নয়নের জন্য মাশরাফীকে মন্ত্রিত্ব দেওয়া হোক।
মাশরাফীকে মন্ত্রী করা হলে ক্রিকেটের মতো রাজনৈতিক অঙ্গনেও সাফল্যের স্বাক্ষর রাখতে পারবেন বলে আশাবাদী নারীনেত্রী আঞ্জুমান আরা। জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, ‘উন্নয়নের ধারায় নড়াইলকে সম্পৃক্ত করতে মাশরাফীকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।’ প্রধানমন্ত্রী নড়াইলবাসীকে নিরাশ করবেন না এটা তার দৃঢ় বিশ্বাস। মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসন থেকে নৌকা প্রতীকে ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে সাংসদ নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট মনোনীত এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পান ৭ হাজার ৮৮৩ ভোট।