মরুভূমিতে দৌড়

শীতের ছুটি চলছে ইতালিয়ান লিগে। বাকি ফুটবলারদের মতো ব্যস্ততা নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। তাই তো ছুটি কাটাতে পরিবার নিয়ে দুবাইয়ে এখন তিনি। ইয়টে আরব সাগরে ঘোরা, হেলিকপ্টারে করে দুবাইয়ের সৌন্দর্য দেখা বা ধনকুবের শেখদের সঙ্গে সময় কাটানো সবই করছেন পর্তুগিজ উইঙ্গার। কিন্তু ছুটিতে নিজেকে ফিট রাখবেন কী করে! রোনালদোর সাফল্যের মূল রহস্যটাই তো ফিট থাকা। তাই একটা উপায় বের করে নিলেন জুভেন্তাস তারকা। দুবাইয়ের মরুভূমিতেই ছুটলেন তিনি। দিনের বেলা তো আর সেখানে দৌড়ানো সম্ভব নয়, তাই রাতে শর্টস পরে বেরিয়ে গেলেন পাঁচবারের বর্ষসেরা। ধু ধু বালুর মাঝ দিয়ে যাওয়া পিচঢালা পথে রানিং করলেন ঘণ্টা ধরে। সঙ্গে বড় ছেলেকেও নিয়েছিলেন। কিন্তু বাবার সঙ্গে দৌড়ে পারেননি আট বছরের ছোট্ট ক্রিশ্চিয়ানো জুনিয়র। গাড়ি থেকে দৌড়ের ভিডিও করছিল রোনালদোর সঙ্গে থাকা কেউ। ইন্সটাগ্রামে সেই ভিডিও পোস্ট করে রোনালদো ক্যাপশন দিয়েছেন, ‘ডেসার্ট নাইট রান’।