একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে নৌকার প্রার্থীর পাওয়া ভোট যাচাইয়ে ব্যালট পেপার বইয়ের ২০ শতাংশ স্বাক্ষর বা টিপসই পরীক্ষার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী মো. আবু সুফিয়ান। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দাবিতে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছেন তিনি।
আবু সুফিয়ান দেশ রূপান্তরকে বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রাপ্ত ২ লাখ ৭২ হাজার ভোটের ব্যালট পেপারের ২০ শতাংশ মুন্ডার টিপসই বা স্বাক্ষর প্রযুক্তির মাধ্যমে পরীক্ষার দাবি জানিয়েছি। সেই সঙ্গে ফলাফল স্থগিত চেয়েছি।’
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ভোটে বিজয়ী হয়েছেন মহাজোটের শরিক জাসদের মইন উদ্দীন খান বাদল। নৌকা প্রতীকে তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৭২ হাজার ৮৩৮ ভোট।
ধানের শীষের প্রার্থীর চিঠিতে বলা হয়, ভোটের দিন ১৭০টি কেন্দ্রের অর্ধেকের বেশিতে পুলিশের সহায়তায় দুর্বৃত্তরা তার এজেন্টদের প্রবেশে বাধা দেয়। বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের ওপর হামলা হয়, অনেককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় থানায়। বাধা উপেক্ষা করে যাওয়া এজেন্টদের ছবি উঠিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সকাল ১০টার দিকে কেন্দ্র থেকে চূড়ান্তভাবে বের করে দেওয়া হয়। ওই সময়ে সিল মারা হয় ব্যালটে।