রাজধানীর মোহাম্মদপুরে কলেজ শিক্ষিকা কৃষ্ণা কাবেরী হত্যা মামলার একমাত্র আসামি জহিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন এ রায় দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নিহতের স্বামী ও দুই সন্তানকে হত্যাচেষ্টার মাধ্যমে গুরুতর জখম করার অভিযোগে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক। তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। রায়ে সন্তোষ প্রকাশ করে দণ্ডপ্রাপ্তকে দ্রুত গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন নিহতের স্বামী সীতাংশু শেখর বিশ্বাস। ২০১৫ সালের ৩০ মার্চ মোহাম্মদপুরের ইকবাল রোডের ভাড়াবাসায় জহিরুলের হামলায় মারাত্মক আহত ও দগ্ধ হন আদাবর ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক কৃষ্ণা কাবেরী (৩৫)।