সংবাদ সম্মেলনে আসক

ব্যতিক্রমী হলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগের নির্বাচনগুলো থেকে অনেকটাই ব্যতিক্রমী হলেও সুষ্ঠু হয়েছে বলে মনে করছে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন। গত রবিবার অনুষ্ঠিত এ নির্বাচনে গড়ে ৮০ শতাংশ ভোট পড়েছে, যা গত নির্বাচনে ভোটগ্রহণের গড় থেকে বেশি বলেও তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। লিখিত বক্তব্যে সংস্থার চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, ‘সারা দেশ ও কেন্দ্রীয়ভাবে ৯৪৩ জন পর্যবেক্ষক পাঁচজনের দলে বিভক্ত হয়ে ১ হাজার ২৪৫টি ভোটকেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষণ করেছে। বিগত জাতীয় নির্বাচনগুলো থেকে এবারের নির্বাচন অনেকটাই ব্যতিক্রম ছিল। তবে সারা বাংলাদেশে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’

তিনি বলেন, ‘এই নির্বাচন দেশ-বিদেশে গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষকদের শান্তিপূর্ণভাবে মাঠপর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে প্রশাসনকে নির্দেশনা দেয়। সব কেন্দ্রে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালিত হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ছিল খুবই তৎপর।’ এনামুল হক বলেন, ‘আমাদের সংস্থার পর্যবেক্ষকদের তথ্যমতে, গড়ে এই নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে, যা গত নির্বাচনে ভোটগ্রহণের গড় থেকে বেশি।’ এবার নতুন ভোটারদের ভোট প্রদানের ব্যাপক উৎসাহ ছিল এ তথ্য জানিয়ে তিনি আরও বলেন, ‘নারী ও প্রতিবন্ধী ভোটাররাও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনে ভোট দিতে পেরেছে।