প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে ডেমোক্রেটরা, পেলোসি স্পিকার

মধ্যবর্তী নির্বাচনে বিজয়ের পর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্রেটরা। স্পিকার নির্বাচিত হয়েছেন দেশটির সবচেয়ে বড় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট ন্যান্সি পেলোসি।

মধ্যবর্তী নির্বাচনে বিজয়ী আইনপ্রণেতারা এদিন শপথ নেন। এর মধ্য দিয়ে পেলোসি বিভিন্ন ধর্ম ও বর্ণের আইনপ্রণেতাদের নিয়ে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ প্রতিনিধি পরিষদের দায়িত্ব নিলেন। এর আগেও স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এমন সময় পেলোসি গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব নিলেন, যখন সীমান্তে দেয়াল নির্মাণের তহবিল বরাদ্দ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আইনপ্রণেতাদের বিরোধে মার্কিন সরকারের আংশিক কাজকর্ম বন্ধ (শাটডাউন) রয়েছে।

পেলোসি বলেছেন, তিনি সরকার সচল করতে চান, কিন্তু দেয়াল নির্মাণে সমর্থন দেবেন না।

তিনি বলেন, ‘নারীদের ভোটাধিকার পাওয়ার শতবর্ষ পূর্তির সময় আমি এই কংগ্রেসের নারী স্পিকার হতে পেরে বিশেষভাবে গর্বিত।’

প্রতিনিধি পরিষদের স্পিকার বলেন, ‘শতাধিক নারী আইনপ্রণেতার অংশগ্রহণের এই কংগ্রেসে জাতিকে সেবা প্রদানে আমাদের সবার সমার্থ ও সব ধরনের সুযোগ রয়েছে, যা ইতিহাসে প্রথম।’

যুক্তরাষ্ট্রের ১১৬তম কংগ্রেসের স্পিকার হলেন ৭৮ বছর বয়সী পেলোসি, এর আগে কখনো এত বেশি নারী কংগ্রেস সদস্য একসঙ্গে নির্বাচিত হননি। মোট ১০২ নারী এই কংগ্রেসে আছেন যাদের ৪৩ জনই শ্বেতাঙ্গ নন।