বিজয় উদযাপনে ১৯ জানুয়ারি আ’লীগের সমাবেশ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য জানিয়েছেন।

এদিকে মহাসমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সমাবেশকে সফল করতে শনিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হবে।

এতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরের অন্তর্গত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ঘোষিত ২৯৮ আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। মাত্র ছয়টি আসন পাওয়া বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে এবং শপথগ্রহণ থেকে বিরত রয়েছে।

বিরোধী জোট অনিয়মের তথ্য তুলে ধরে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দাবি করেছে। তবে সেই সম্ভাবনা আগেই নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।