একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করবে। সংসদে বিরোধীদলীয় নেতা হবেন পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান, সংসদে জাতীয় পার্টি হবে প্রধান বিরোধী দল, দলের কেউ মন্ত্রিসভায় থাকবে না।
এতে আরও বলা হয়, সংসদের বিরোধীদলীয় নেতা হবেন এইচএম এরশাদ। আর বিরোধী দলের সংসদ উপনেতা হবেন তার ভাই দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
বিবৃতিতে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতাকর্মী-সমর্থক এবং দেশবাসীর উদ্দেশে আমি এই মর্মে জানাচ্ছি যে, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে।’
‘পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলের নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না’ যোগ করেন তিনি।
জাতীয় সংসদের স্পিকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে অংশ নিয়েছিল জাতীয় পার্টি। লাঙল প্রতীকে ২২টি আসন পেয়ে হয়েছে সংসদের দ্বিতীয় বৃহত্তম দল।
মাত্র ছয়টি আসন পাওয়া বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছে এবং শপথগ্রহণ থেকে বিরত রয়েছে।
বিরোধী জোট অনিয়মের তথ্য তুলে ধরে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দাবি করেছে। তবে সেই সম্ভাবনা আগেই নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
এর আগে অবশ্য বিএনপিসহ নিবন্ধিত প্রায় তিন-চতুর্থাংশ দলের বর্জনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টি সরকারে থাকার পাশাপাশি বিরোধী দলের ভূমিকাও পালন করেছিল।