গৃহবধূ ধর্ষণ: জড়িতদের শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন

ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন করেছে নিপীড়ন বিরোধী ছাত্র-জনতা। শুক্রবার বিকেলে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে বক্তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানান। যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।

নিপীড়ন বিরোধী ছাত্র-জনতার সংগঠক রেজাউর রহমান রানার সভাপতিত্বে ও নাবিল হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক উজ্জ্বল রায়, কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সদস্য নিরঞ্জন দাস খোকন, বাসদ সিলেট জেলার সদস্য প্রণব জ্যোতি পাল, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, অ্যাডভোকেট রনেন সরকার রনি, আলোর মিছিলের কর্মী সৌরভ সরকার শুভ্র, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার আহ্বায়ক তামান্না আহমেদ, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সিলেট জেলার সংগঠক ইমরানা সুলতানা, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সরোজ কান্তি দে, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সঞ্জয় কান্ত দাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দ প্রমুখ।