মানি লন্ডারিং মামলায় মিয়া নুরুদ্দিন অপুকে (৫০) আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করে র্যাব ১-এর একটি দল। একাদশ সংসদ নির্বাচনে তিনি শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জের আংশিক ও গোসাইরহাট) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। গত ২৪ ডিসেম্বর রাজধানীর মতিঝিলের সিটি সেন্টার থেকে নগদ আট কোটি ও ১০ কোটি টাকার চেক উদ্ধার মামলার আসামি অপু। র্যাব ১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাসেম দেশ রূপান্তরকে বলেন, আট কোটি টাকা উদ্ধার মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া আসামিদের স্বীকারোক্তিতে তার নাম আসে। ওই মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি মিয়া নুরুদ্দিন অপু। তিনি ঘটনার দিন থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, অপু আপাতত হাসপাতালেই থাকবেন। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন জানানো হবে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে আদালতে তোলা হবে। গত ২৪ ডিসেম্বর রাজধানীতে নগদ সাড়ে আট কোটি টাকা, বিভিন্ন ব্যাংকের ১০ কোটি টাকার চেক ও ধানের শীষের নির্বাচনী প্রচারপত্রসহ একটি প্রতিষ্ঠানের তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। তাদের মধ্যে একজনের সঙ্গে ‘হাওয়া ভবনের’ সম্পর্ক ছিল বলে জানিয়েছিল র্যাব।