টানা তৃতীয়বারের মতো গ্লোব সকার পুরস্কার পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে মোট পাঁচবার পুরস্কারটি পেলেন তিনি। গ্লোব সকারের বর্ষসেরা ফুটবলার হওয়ার পাশাপাশি গত বছরের সেরা গোলের পুরস্কারটিও রোনালদোর দখলেই গেছে। এছাড়া ফ্যানস অ্যাওয়ার্ড মিলিয়ে এক রাতেই তিনটি পুরস্কার উঠেছে সিআর সেভেনের হাতে। রাশিয়া বিশ্বকাপের দুই তারকা আন্তোনিও গ্রিজম্যান ও কিলিয়ান এমবাপেকে হারিয়ে পুরস্কারটি পেলেন পাঁচবারের বর্ষসেরা তারকা।
চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের বিপক্ষে রিয়ালের হয়ে রোনালদোর করা বাইসাইকেল কিকের গোলটি নির্বাচিত হয় সেরা গোল হিসেবে। জুভেন্তাসে চলতি মৌসুমে ইতালিয়ান সিরি-আ’তে এখন পর্যন্ত গোল করেছেন ১৪টি। কিছুদিন আগে পর্তুগিজ উইঙ্গার বলেছিলেন তার কাছে পুরস্কারের চেয়ে দল আগে। তবে আরব আমিরাতে পুরস্কার পেয়ে নিজের ইন্সটাগ্রামে রোনালদো বলেন, ‘অসাধারণভাবে শুরু হলো নতুন বছর। আজ আমি যে ভালোবাসা এবং সমর্থন পেলাম তার জন্য সবাইকে ধন্যবাদ।’ সেরা দলের পুরস্কার পেয়েছে স্প্যানিশ দল আতলেতিকো মাদ্রিদ। এবং সেরা কোচ হয়েছেন ফ্রান্সের দিদিয়ের দেশম।