ভোটে দাঁড়িয়ে গিয়ে ক্রিকেটে ফেরা। আবার ক্রিকেট থেকে ভোটের মাঠে পুরো মনোযোগ। সেখানে জিতে সংসদ সদস্য হওয়া। বৃহস্পতিবার নিয়েছেন শপথ। আর শনিবারই শিরোপা ধরে রাখার লড়াইয়ে নেতৃত্ব দিতে নেমে পড়তে হচ্ছে ক্রিকেট মাঠের লড়াইয়ে। এই যে ক্রিকেট থেকে রাজনীতি, রাজনীতি থেকে ক্রিকেট অল্প সময়ের মধ্যে বারবার মনোযোগ ঘুরিয়ে নেওয়ার সমস্যাটা টের পাচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা। আর মাশরাফীর চাওয়া, মাঠে সবাই তাকে সাংসদ নয়, খেলোয়াড় হিসেবে বিবেচনা করুক।
‘এই রূপান্তরের অংশটা খুব কঠিন। খুব দ্রুত এবং কম সময়ের ভেতরে।’ গতকাল মিরপুরে অনুশীলন শেষে মাশরাফী বলছিলেন, ‘তবে ম্যানেজ করছি, চেষ্টা করছি। এখন দেখা যাক। আল্লাহ ভরসা।’
রংপুর রাইডার্স আজই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে নামছে চিটাগং ভাইকিংসের বিপক্ষে। গতবার রংপুরে নাম লিখিয়ে ফ্র্যাঞ্চাইজিটিকে প্রথমবার বিপিএলের শিরোপা জিতিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। বিপিএলের পাঁচ আসরের চারবারের চ্যাম্পিয়ন অধিনায়কই তিনি।
সেই মাশরাফীর রূপান্তরে সামান্য সমস্যা হলেও তা দ্রুত যে তিনি কাটিয়ে নেওয়ার মানুষ তা সবাই জানেন। তবে মাঠে তিনি একদমই ‘এমপি মাশরাফী’ হিসেবে বিবেচিত হতে নারাজ। অপছন্দেরও বটে। ‘আমি এখানে খেলোয়াড় হিসেবেই পরিচিত এবং মাঠেও নামছি খেলোয়াড় হিসেবে। সংসদ সদস্য হিসেবে না।’ মাশরাফীর চাওয়া, ‘আশা করি সবাই আমাকে সেভাবে বিবেচনা করবেন। আমাকে মাঠে খেলোয়াড় হিসেবে বিবেচনা করবেন।’