নকল করার সময় হাতেনাতে ধরে ফেলায় শিক্ষিকাকে খুন করেছে তুরস্কের নামি প্রতিষ্ঠান চানক্য ইউনিভার্সিটির এক শিক্ষার্থী।
২৩ বছর বয়সী হাসান ইসমাইল হিকমত গবেষণা সহকারী সেরেন দামার সেনেলকে প্রথমে ছুরিকাঘাত করে। তারপর বাবার বন্দুক দিয়ে গুলি চালায়।
হিকমতের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। বাবার বন্দুক দিয়েই সে গুলি চালায়। খুন করে বাড়ি ফিরে বাবার কাছে সব স্বীকার করে। এরপর অবসরপ্রাপ্ত ওই পুলিশ কর্মকর্তা নিজেই ছেলেকে থানায় নিয়ে যান।
আইন পরীক্ষায় নকল করার অপরাধে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেন মিসেস সেনেল। নিজের সিদ্ধান্তের প্রতি অটল থাকায় তাকে খুন করার পরিকল্পনা করে হিকমত।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই মাসের শেষ নাগাদ পর্যন্ত আইন বিভাগের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।