রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির তরুণ মিডফিল্ডার ব্রাহিম দিয়াস। এ ব্যাপারে উভয় ক্লাবের মধ্যে আলোচনা প্রায় পাকাপাকি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
১৯ বছর বয়সী দিয়াসকে দলে টানতে আপাতত রিয়ালকে গুনতে হচ্ছে এক কোটি ৫৫ লাখ পাউন্ড। পরবর্তীতে এই ট্রান্সরফার ফি ২ কোটি ১০ লাখ পাউন্ডে দাঁড়াতে পারে।
চলতি মৌসুমের শুরু থেকেই সিটিতে অনেকটা অনিশ্চয়তায় ছিলেন মাঝ মাঠের এই খেলোয়াড়। ক্লাবটির কোচ পেপ গুয়ার্দিওলা অবশ্য জানিয়েছিলেন, নতুন চুক্তি করতে দিয়াসকে বোঝানোর চেষ্টা করছে ক্লাব। শেষ পর্যন্ত স্পেনের এই খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার ব্যাপারেই সম্মত হলো সিটি।
২০১৩ সালে ১৪ বছরের সময় মালাগা থেকে সিটিতে যোগ দিয়েছিলেন দিয়াস। গত চার মৌসুমে ক্লাবটির মূল দলের হয়ে খেলেছেন মাত্র ১৫টি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন ১৮ ডিসেম্বর, লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে লেস্টার সিটির বিপক্ষে।